স্মৃতিশক্তি ভালো রাখতে খাদ্যতালিকায় রাখুন বি১২ সমৃদ্ধ যেসব খাবার
ভুলে যাওয়ার প্রবণতা শুধু বয়স বাড়ার কারণেই হয় না। বিভিন্ন শারীরিক ও পুষ্টিগত কারণেও স্মৃতিশক্তি ও মনোযোগে সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে ভিটামিন বি১২-এর ঘাটতি একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে।
ভিটামিন বি১২ শরীরের স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রম এবং লোহিত রক্তকণিকা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ভিটামিনের ঘাটতি হলে দুর্বলতা, হাত-পায়ে ঝিনঝিন করা, বিভ্রান্তি, মনোযোগের সমস্যা ও স্মৃতিশক্তি কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।
তাই শরীরে বি১২-এর ঘাটতি থাকলে খাদ্যতালিকায় বি১২ সমৃদ্ধ খাবার রাখা জরুরি। যেমন—
দুধ ও দুগ্ধজাত খাবার: দুধ, দই ও অন্যান্য দুগ্ধজাত খাবার ভিটামিন বি১২-এর ভালো উৎস। নিয়মিত সুষম খাদ্যতালিকার অংশ হিসেবে এসব খাবার রাখা যেতে পারে।
মাছ ও মাংস: মাছ, গরু বা খাসির মাংস এবং মুরগির মাংসসহ বিভিন্ন প্রাণিজ খাবারে প্রাকৃতিকভাবে ভিটামিন বি১২ পাওয়া যায়। পরিমিত পরিমাণে এসব খাবার গ্রহণ করলে বি১২-এর চাহিদা পূরণে সহায়তা করতে পারে।
ডিম: ডিমেও ভিটামিন বি১২ রয়েছে। সকালের নাশতা কিংবা দিনের অন্য কোনো খাবারে পরিমিত পরিমাণে ডিম রাখা যেতে পারে।
তবে স্মৃতিশক্তি কমে যাওয়ার কারণ সবসময় ভিটামিন বি১২-এর ঘাটতি নয়। দীর্ঘদিন ধরে ভুলে যাওয়ার সমস্যা, বিভ্রান্তি বা দৈনন্দিন কাজে স্মৃতির সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে রক্ত পরীক্ষার মাধ্যমে বি১২-এর ঘাটতি নির্ণয় করে চিকিৎসা নেওয়া যেতে পারে।



























