নেত্রকোনা-২ আসনের কোনো মন্দির উন্নয়ন থেকে বঞ্চিত থাকবে না: এমপি আনোয়ারুল হক
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোনা সদর উপজেলায় সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত এই সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
আজ শনিবার (১৭ অক্টোবর) সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, “অতীতে সনাতন ধর্মাবলম্বীদের শুধু ভোটব্যাংক হিসেবে ব্যবহার করা হলেও তাদের অনেক মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান প্রয়োজনীয় উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। নেত্রকোনা-২ এলাকার কোনো মন্দির বা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় প্রতিষ্ঠান আর উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত থাকবে না। উন্নয়ন হবে সবার, অধিকার থাকবে সবার—এটাই আমাদের অঙ্গীকার।”
তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিক বৈষম্যের শিকার হবেন না। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার বিষয়ে তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে বারহাট্টায় সরকারি মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন সংসদ সদস্য আনোয়ারুল হক। এছাড়া সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণের একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সরকারের এই মানবিক সহায়তা অসহায় পরিবারগুলোর মাঝে উৎসবের আনন্দ বহুগুণ বাড়িয়ে দেবে।

























