নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় মান্দা থানা পুলিশে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী ও মাদক কারবারি চক্রের তিন সদস্যকে ৬০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ), দেশীয় অস্ত্র এবং মাদক বিক্রির নগদ টাকাসহ গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ রাতে আনুমানিক ১০:৩০ ঘটিকায় মান্দা থানাধীন ১২নং কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এই বিশেষ ড্রাইভ পরিচালিত হয়। মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজালের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কুখ্যাত তিন মাদক কারবারি ও কিশোর গ্যাং সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মোঃ ইসলাম বাবু (২১)
২. মোঃ শাওন (১৯)—উভয় পিতা-মৃত আশরাফুল ইসলাম, মাতা-মোছাঃ সাথী বেওয়া, সাং-চকউলী
৩. মোঃ আরিফ হোসেন (২৩), পিতা-মোঃ মঞ্জুর আহমেদ, মাতা-মোছাঃ জোসনা খাতুন, সাং-শুটকিবাদল
(সকলের থানা-মান্দা, জেলা-নওগাঁ)
উদ্ধারকৃত আলামত:
অভিযানের সময় ধৃত আসামিদের হেফাজত থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট এবং ২০০ লিটার চোলাই মদ তৈরির ওয়াশ উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে দুটি অটোমেটিক লম্বা বার্মিজ চাকু এবং মাদক বিক্রির নগদ ৭৩,০৫০/- টাকা জব্দ করা হয়। এছাড়া আসামিদের বসতবাড়ির মাটিতে গর্তে লুকানো অবস্থায় একটি আধুনিক চাইনিজ ডাবল-হেড ট্যাকটিক্যাল অ্যাক্স বা ডাবল-ব্লেড টমাহক কুড়াল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদক ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কিশোর গ্যাং এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং অপরাধীদের দমনে এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।


























