পঞ্চগড়ে বোদায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু, আহত ২
পঞ্চগড়ের বোদা উপজেলায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতরা পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) পঞ্চগড়ের বোদা উপজেলার বোয়ালমারী এলাকায় শাহাদাত কালীমন্দিরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চারজন যাত্রী নিয়ে একটি ভ্যানগাড়ি মাড়েয়া থেকে বোয়ালমারীর দিকে যাচ্ছিল। এ সময় বোয়ালমারী থেকে বালু বোঝাই করে ছয় চাকার একটি ট্রাক মাড়েয়ার দিকে আসছিল। পথে শাহাদাত কালীমন্দিরের কাছে ট্রাক ও ভ্যানগাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জুলেখা বেগম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হন।
নিহত জুলেখা বেগম পঞ্চগড়ের বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে, দুর্ঘটনার পর বালুবাহী ট্রাকটি মাড়েয়া বাজার শ্রমিক অফিসের সামনে আটক রয়েছে বলে জানা গেছে।























