ঠাকুরগাঁওয়ে উপনির্বাচন ঘিরে বাড়তি সতর্কতা, নিরাপত্তায় ড্রোন, ডগ স্কোয়াড এসআরবি-১৩
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচন সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। ভোটকেন্দ্রে নিরাপদ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে মাঠপর্যায়ে কাজ করবে বিশেষায়িত এ বাহিনী।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে নির্বাচনী নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম, পিএসসি।
বাহিনী সূত্র জানায়, নির্বাচনী এলাকার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা হবে। নিরাপত্তা কার্যক্রমে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়াড ও ড্রোন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
বিশেষ করে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হবে। নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।
এদিকে, কোনো সন্দেহজনক বস্তু বা অস্বাভাবিক পরিস্থিতি নজরে এলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। ভোটাররা যেন নিরাপদে ও নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই নিরাপত্তা উদ্যোগ।
উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





















