চরভদ্রাসনে জাতীয় যুব দিবস উদযাপন, ২০ যুবকের মাঝে ঋণের চেক বিতরণ
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সহায়তার লক্ষ্যে ২০ জন সফল ও উদীয়মান যুবক-যুবতীর হাতে যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।
রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ চন্দ্র মোহন হালদার, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাফায়েত উল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা, বিএনপির সাবেক সভাপতি শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনজুরুল হক মৃধা এবং উপজেলা যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ওবায়দুল বারী খান দিপু, বিএনপি নেতা ফারুক হোসেন মৃধা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী, সাংবাদিক মেজবাহ উদ্দিন, আবুল কালাম, আব্দুস সালাম, লিয়াকত আলী, সাইফুর রহমান, মোস্তফা কামাল ও সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী এবং যুব প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান শক্তি যুবসমাজ। বেকারত্ব দূরীকরণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়াতে তরুণদের দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে যুবসমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান ও ক্ষুদ্র উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ২০ জন সফল ও উদীয়মান যুবক-যুবতীর মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।





















