ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী
ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল এবং সংসদের বাইরের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ আহ্বানকে স্বাগত জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য গড়ে উঠেছিল, সেই চেতনা ধারণ করেই আগামীর বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। তবে শুধু বক্তব্য ও আলোচনা নয়, ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে কার্যকর পদক্ষেপও নিতে হবে।
বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে তার বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় ঐক্যের আহ্বানের প্রতি সমর্থন জানান বিরোধীদলীয় নেতা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তা ভবিষ্যতেও ধরে রাখতে হবে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিভিন্ন পক্ষ নানা ধরনের কর্মসূচি দিচ্ছে। কখনো ধর্মের নাম ব্যবহার করা হচ্ছে, কখনো হরতাল কিংবা অন্য কোনো কর্মসূচির আড়ালে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এসব অপতৎপরতা সম্মিলিতভাবে প্রতিহত করতে জাতীয় ঐক্য প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যে সুযোগ নিচ্ছে বিভিন্ন পক্ষ, সীমান্তের ওপার থেকে কর্মসূচি দিয়ে কখনো এটার নাম ধর্ম, কখনো হরতাল, কখনও ভিন্ন নাম দেওয়া হচ্ছে—উদ্দেশ্য একটাই, তারা যেন এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারে। সেটা যাতে আমরা সম্মিলিতভাবে, ঐক্যবদ্ধভাবে রুখে দিতে পারি, সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন।’
তিনি আরও বলেন, সরকারি দল, বিরোধী দল এবং সংসদের ভেতরে-বাইরে থাকা সব রাজনৈতিক শক্তিকে একটি বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সম্মিলিত অবস্থান জরুরি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমি আশা করবো, আমরা সরকারি দল, বিরোধী দল, সব দল, সংসদের ভেতরে-বাইরে সবাই ঐক্যবদ্ধভাবে একটা বিষয়ে ঐক্যবদ্ধ থাকি—এ দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অব্যাহত থাকুক এবং এ দেশে আর কোনো দিন যাতে ফ্যাসিবাদী শক্তি, কোনো পতিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেরকম কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি।’
জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত বিরোধীদলীয় নেতার
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাতীয় ঐক্যের আহ্বানকে স্বাগত জানান। তিনি বলেন, ২০২৪ সালে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে ঐক্য তৈরি হয়েছিল, তা দেশের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। সেই ঐক্যের চেতনাকে কাজে লাগিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ‘উনি শেষের দিকে এসে একটা আপিল জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২৪-এ যেভাবে ঐক্য তৈরি হয়েছিল, জাতীয় ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেব। উনার এই ফিলিংসের জন্য ধন্যবাদ।’
বিরোধীদলীয় নেতা বলেন, দেশের মানুষকে আবারও ফ্যাসিবাদী শাসনের যন্ত্রণার মধ্যে ফেলে দেওয়া উচিত হবে না। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, যারা ফ্যাসিবাদী শক্তিকে আশকারা দিয়েছে কিংবা তাদের ফিরে আসার সুযোগ তৈরি করছে, তাদের বিষয়ে জনগণই বিচার করবে। তবে শুধু সংসদে বক্তব্য দেওয়া বা রাজনৈতিক আলোচনা করেই দায়িত্ব শেষ করা যাবে না। ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামীতে আমরা এখানে বসে যা বলবো, তারপর যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সেটাই আমরা দেখতে চাই।’
তিনি জাতীয় ঐক্যের আহ্বানকে বাস্তবে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে মতপার্থক্য ও বিতর্ক থাকলেও দেশের ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবেশ এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধের প্রশ্নে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান।
সংসদীয় বিতর্ক সংসদের মধ্যেই সীমাবদ্ধ রাখার আহ্বান
বিরোধীদলীয় নেতার বক্তব্যের পর তাকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিরোধীদলীয় নেতা কিছু অম্লমধুর কথা বললেও জাতীয় ঐক্যের বিষয়ে তার বক্তব্য গুরুত্বপূর্ণ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক ও মতপার্থক্য থাকবে। তবে এসব বিতর্ক সংসদের ভেতরেই সীমাবদ্ধ রাখা উচিত এবং সংসদীয় রীতি ও ঐতিহ্য মেনেই তা পরিচালনা করতে হবে।
তিনি বলেন, ‘দুই-একটা অম্লমধুর কথা বললেও তিনি জাতীয় ঐক্যের বিষয়ে কথা বলেছেন, সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি।’
এ সময় নিজের বক্তব্যে কক্সবাজার ও মাদক পরিস্থিতি প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, তার বাড়ি কক্সবাজার হওয়া কোনো অপরাধ নয়। রোহিঙ্গা শরণার্থীদের আগমনের পর থেকে ওই অঞ্চলে মাদক ও মানব পাচারসংক্রান্ত সংকট তৈরি হয়েছে, যা মোকাবিলায় সরকার কাজ করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক ও মানব পাচারকারীদের প্রতিরোধ করতে গিয়ে সম্প্রতি একজন সেনাসদস্য শহীদ হয়েছেন। একই সঙ্গে ৫৬ জন নারী-পুরুষ ও শিশুকে জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্যের মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখার প্রয়োজনীয়তা গুরুত্ব পেয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ঐক্যকে ভবিষ্যতের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজে লাগানো এবং ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে উভয় পক্ষই গুরুত্বারোপ করেছে।


























