মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা শুরু, ১০৬ মণ্ডপে বর্ণিল আয়োজন
মাগুরায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী শ্রীশ্রী কাত্যায়নী পূজা। রোববার (১৫ নভেম্বর) ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী এ উৎসব। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পর্যন্ত চলবে পূজার আনুষ্ঠানিকতা। দৃষ্টিনন্দন প্রতিমা, নান্দনিক প্রবেশদ্বার, ব্যতিক্রমী শিল্পকর্ম এবং বর্ণিল আলোকসজ্জায় ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পুরো শহরজুড়ে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর মাগুরা জেলায় মোট ১০৬টি পূজামণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে। উৎসবকে ঘিরে প্রতিটি মণ্ডপে চলছে ব্যাপক প্রস্তুতি। পূজাকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে জেলা প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে।
মাগুরা শহরের নতুন বাজার ছানাবাবুর বটতলা, শিবরামপুর বদ্দিবাড়ি, নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রম প্রাঙ্গণ, সাহাপাড়া, জামরুলতলা, পারনান্দুয়ালী ভিত্তিপাড়া, সাতদোহা ও তাঁতিপাড়াসহ বিভিন্ন এলাকায় এবার কাত্যায়নী পূজাকে ঘিরে নেওয়া হয়েছে ব্যতিক্রমী আয়োজন।
সরেজমিনে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, অধিকাংশ মণ্ডপে প্রতিমা নির্মাণ ও রং করার কাজ শেষ হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের আকৃষ্ট করতে তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন প্রবেশদ্বার। কোথাও প্লাস্টিকের চামচ, কোথাও পাটকাঠি, বাঁশের চাটাই ও মাছ ধরার পলো দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে শৈল্পিক কারুকাজ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বর্ণিল আলোকসজ্জায় এসব মণ্ডপ হয়ে উঠবে আরও আকর্ষণীয়।
নতুন বাজার সাহাপাড়ার মিলন ঘোষ বলেন, “কাত্যায়নী পূজা মানেই মাগুরাবাসীর জন্য নতুন নতুন আকর্ষণ ও আনন্দের উপলক্ষ। এবার নতুন বাজার ছানাবাবুর বটতলা এলাকায় প্লাস্টিকের চামচ দিয়ে তৈরি করা হয়েছে ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন প্রবেশদ্বার। এর সঙ্গে রয়েছে বর্ণিল আলোকসজ্জা। আশা করছি, এটি দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করবে। অন্যান্য মণ্ডপেও বাহারি নকশার গেট নির্মাণ করা হয়েছে।”
নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমের কাত্যায়নী পূজা উদযাপন উপকমিটির সভাপতি সুমন সিকদার বলেন, “প্রতিবছরই আমাদের মণ্ডপে কাত্যায়নী পূজাকে ঘিরে ব্যতিক্রমী ও দৃষ্টিনন্দন প্রবেশদ্বার তৈরি করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। পাটকাঠি, বাঁশের তৈরি চাটাই ও মাছ ধরার পলো ব্যবহার করে শৈল্পিক কারুকাজে সাজানো হচ্ছে প্রবেশদ্বার। ঐতিহ্য ও সৃজনশীলতার সমন্বয়ে তৈরি এ আয়োজন দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশা করছি।”
এদিকে, পূজাকে কেন্দ্র করে মাগুরায় দর্শনার্থীদের ব্যাপক সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা এ উৎসব উপভোগ করতে আসেন। পাশাপাশি ভারতসহ বিভিন্ন দেশ থেকেও দর্শনার্থীদের আগমন ঘটে।
দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যরা। পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) ও পুলিশের বিশেষ টিম মাঠে কাজ করবে।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, “প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রয়োজনীয়সংখ্যক পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে কাত্যায়নী পূজা সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
সব মিলিয়ে ঐতিহ্য, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নান্দনিক আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত কাত্যায়নী পূজা। আগামী কয়েক দিন দৃষ্টিনন্দন মণ্ডপ, আলোকসজ্জা ও উৎসবের আনন্দে মুখর থাকবে মাগুরা শহর।
























