লগি-বৈঠার মহড়ায় উত্তাল গোপালগঞ্জ, জেলা প্রেসক্লাবে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লগি-বৈঠা, লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্থানে ভাঙচুর, স্লোগান ও নামফলক পরিবর্তনের ঘটনা ঘটে। জেলা প্রেসক্লাবের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুরের অভিযোগও উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে জেলা শহরের বিভিন্ন প্রবেশপথ দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরে প্রবেশ করেন। একপর্যায়ে তারা শহরের ব্যাংকপাড়ায় অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে গোপালগঞ্জ সরকারি কলেজের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নামসংবলিত ব্যানার টাঙানোর ঘটনা ঘটে বলে জানা গেছে। একইভাবে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বর’-এর নামফলক ভেঙে সেখানে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ নামের ফলক টাঙানো হয়।
এ সময় পুলিশের একটি সাঁজোয়া যানেও ‘জয় বাংলা’ স্লোগান লিখে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পাশাপাশি জেলা প্রেসক্লাবের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
জেলা শহরের বিভিন্ন দিক থেকে শত শত নেতাকর্মী প্রবেশ করলেও এ সময় পুলিশের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। পরিস্থিতির মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
এদিকে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করেছে।
শহরের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
























