বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডার প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ করে নার্সিং, মেডিকেল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট ও হসপিটালিটি খাতে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত কর্মী নেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে অনিয়মিত অভিবাসন রোধ, নিরাপদ ও নিয়মিত অভিবাসন উৎসাহিত করা, দক্ষ জনশক্তি রপ্তানি, সাইবার নিরাপত্তা, যৌথ বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও কানাডা দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়ন অংশীদার। কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ কর্মী নিয়োগের সুযোগ বাড়ানো প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশের নার্সিং, মেডিকেল টেকনোলজি, হোম কেয়ার, মেরিন ক্যাডেট ও হসপিটালিটি খাতে বিপুলসংখ্যক প্রশিক্ষিত জনবল রয়েছে। কানাডা চাইলে নিজস্ব প্রশিক্ষক পাঠিয়ে অথবা যৌথ উদ্যোগে বিশেষায়িত প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে প্রয়োজনীয় দক্ষ জনশক্তি তৈরি করতে পারে।
জবাবে ওয়েলডন এপ প্রস্তাবটিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, কানাডার অর্থনীতিতে নার্স ও কেয়ারগিভারসহ বিভিন্ন খাতে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে।
কানাডার অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার আরও বলেন, দেশটি বর্তমানে অভিবাসন নীতিতে ভারসাম্য আনার উদ্যোগ নিলেও বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও দক্ষ পেশাজীবীদের স্বাগত জানাতে আগ্রহী। পাশাপাশি বাংলাদেশের বৈধ ভ্রমণকারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার বিষয়েও কাজ করা হবে।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী কোস্টগার্ডের জন্য রিভার ও কোস্ট পেট্রোল বোট এবং পুলিশের জন্য সাইবার নিরাপত্তা ও যোগাযোগ সরঞ্জাম সংগ্রহে কানাডার আধুনিক প্রযুক্তির প্রতি বাংলাদেশের আগ্রহের কথা জানান।
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় ওয়েলডন এপ জানান, অভিবাসন সংখ্যা সীমিত করার উদ্যোগের মধ্যেও কানাডা বাংলাদেশ থেকে রোহিঙ্গা পুনর্বাসনের সংখ্যা বাড়িয়েছে। এ সংকট সমাধানে আঞ্চলিক দেশ, বিশেষ করে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোকে আরও সক্রিয় করার উদ্যোগও অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর মিয়ানমারের ওপর চীন, আসিয়ান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়ানো প্রয়োজন। রোহিঙ্গারা যাতে নাগরিকত্ব, নিরাপদ ভূমি ও জীবিকার নিশ্চয়তাসহ স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে পারে, সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এ ছাড়া মিয়ানমারকেন্দ্রিক সাইবার স্ক্যাম, মাদক ও মানব পাচারকে গুরুতর আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি উল্লেখ করে এসব অপরাধ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বৈঠকে কানাডার হাইকমিশনার অজিত সিং, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ, যুগ্মসচিব রেবেকা খান, কানাডার হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর মার্কাস ডেভিস, হেড অব এইড সুজান কুইন, ট্রেড কমিশনার কামাল উদ্দিনসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















