স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন, ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেখলেন সামরিক কার্যক্রম
নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে নিজেই সামরিক যান চালিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি বিশেষ ধরনের হালকা সাঁজোয়া যান চালিয়ে প্রায় ৮ কিলোমিটার পথ অতিক্রম করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
প্রধানমন্ত্রীর সামরিক যান চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি জানান, স্বর্ণদ্বীপের প্রথম ভেন্যু ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার পথ এটিভি ভেহিকল মডেলের একটি বিশেষ সামরিক যান চালিয়ে অতিক্রম করেন প্রধানমন্ত্রী। এ সময় দুই পাশের বিভিন্ন স্থানে অবস্থানরত তিন বাহিনীর সদস্যদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।
এক ভেন্যু থেকে অন্য ভেন্যুতে যেতে ধানখেতের পাশ দিয়ে কাদামাটির আঁকাবাঁকা পথ পাড়ি দিতে হয় প্রধানমন্ত্রীকে। এ সময় সামরিক যানটি ধীরে ধীরে চলতে দেখা যায়।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মেজবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন।
স্বর্ণদ্বীপে পৌঁছে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন। এ সময় দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
বিশেষ এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেয়।
যেভাবে গড়ে উঠেছে স্বর্ণদ্বীপ
১৯৭৮ সালে নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠে বিস্তীর্ণ স্বর্ণদ্বীপ, যা একসময় জাহাজ্জার চর নামে পরিচিত ছিল। নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত দ্বীপটি উত্তর-দক্ষিণে ২৮ কিলোমিটার এবং পূর্ব-পশ্চিমে ১৪ কিলোমিটার বিস্তৃত।
একসময় জলদস্যু ও ডাকাতদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল দ্বীপটি। ২০১৩ সালের ১৪ মার্চ সেনাসদরের নির্দেশনায় ৩৩ পদাতিক ডিভিশনের পরিচালনায় বিশেষ অভিযান চালিয়ে জলদস্যু ও ডাকাতদের নির্মূল করে দ্বীপটির নিরাপত্তা নিশ্চিত করা হয়।
ওই অভিযানে ৩৩ পদাতিক ডিভিশনের অধীন ১০১ পদাতিক ব্রিগেডের ১০ ই বেঙ্গল, ৫৬ ই বেঙ্গল ও ৬ বীর অংশ নেয়। অভিযানে বিভিন্ন আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। একই দিন থেকে স্বর্ণদ্বীপে সেনা মোতায়েন করা হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
পরবর্তী সময়ে ২০১৩ সালের ১৫ আগস্ট প্রাথমিকভাবে এবং ১৪ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দ্বীপটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত প্রায় আট মাস দ্বীপটি জলমগ্ন ও কর্দমাক্ত থাকে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পানির স্তর নিচে নেমে যাওয়ায় যান চলাচল ও অন্যান্য কার্যক্রমের জন্য উপযোগী হয়ে ওঠে। বর্তমানে স্বর্ণদ্বীপকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আদর্শ প্রশিক্ষণ এলাকায় পরিণত করার কার্যক্রম চলছে।
শুধু সামরিক প্রশিক্ষণ নয়, দ্বীপটিতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে গবাদিপশু পালন, দুগ্ধ খামার স্থাপন, বনায়ন, উন্নত পদ্ধতিতে শস্য উৎপাদন, মৎস্য চাষ ও সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন আর্থসামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে সেনাবাহিনী।
এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও বিসিসিটির যৌথ উদ্যোগে স্বর্ণদ্বীপে ইতোমধ্যে তিনটি সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে।

























