কুকুরের মুখে নবজাতকের মরদেহ, রানীশংকৈলে চাঞ্চল্য
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর তীরে একটি কুকুরের মুখে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে নদীর তীরে মাছ ধরার সময় ঘটনাটি নজরে আসে এক নারীর।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে কুলিক নদীর তীরে মাছ ধরছিলেন হালিমা বেগম। এ সময় তিনি দেখতে পান, একটি কুকুর নবজাতকের নিথর দেহ মুখে করে নিয়ে যাচ্ছে। বিষয়টি দেখে তিনি কুকুরটিকে তাড়িয়ে দেন এবং ঘটনাটি তার ছেলে রবিউল ইসলামকে জানান।
পরে রবিউল ইসলাম জরুরি সেবা নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
নবজাতকের মরদেহটি নদীর তীরে কীভাবে এলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে দায়ীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।
এদিকে, গত ২৮ সেপ্টেম্বর ঠাকুরগাঁও শহরের একটি ড্রেন থেকেও নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। কয়েক দিনের ব্যবধানে একই ধরনের দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।





















