দৌলতপুরে যমুনায় ১৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা।
শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনিরের সার্বিক তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, দৌলতপুর থানা পুলিশের একটি দল এবং মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে ঘাট চত্বরে জনসম্মুখে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, “মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করেছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”























