জাইমার জন্মদিনে মানবতার অনন্য দৃষ্টান্ত: দুই হাজার অসহায়কে বিনামূল্যে চক্ষু চিকিৎসা
‘বগুড়া-২ আসনে মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে ব্যারিষ্টার জাইমা রহমানের জন্মদিনে দুইদিনের কর্মসূচি’
‘দ্বিতীয়দিনে বিনামূল্যে ছয় শত ছাত্রীকে বাইসাইকেল উপহার দিবেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’
২৪ অক্টোবর ২০২৬, বগুড়া: ‘তারেক বাবার বেটি জাইমাক যেন আল্লাহ বহুদিন বাঁচে রাখে বাবা। হামরা গরিব মানুষ, ট্যাকার অভাবে চোখ কাটতে পাচ্চিনে। জাইমার অছিলায় আল্লাহ হামার চোখটা ভালো করে দিচ্ছে। আল্লাহ জাইমাক, তারেক বাবাক আর মীর শাহে আলমক ভালো রাখুক।’
কথাগুলো বলতে বলতে আবেগে গলা ধরে আসে বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের সরদারপাড়া গ্রামের লাভলী বেওয়ার। চোখের চিকিৎসা করানোর সামর্থ্য ছিল না তাঁর। টাকার অভাবে দিনের পর দিন চোখের সমস্যায় ভুগছিলেন। অবশেষে বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেয়ে যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তিনি। তাঁর চোখের পানিতে মিশে ছিল স্বস্তি, কৃতজ্ঞতা আর প্রিয়জনদের জন্য প্রাণভরা দোয়া।
শুধু লাভলী বেওয়া নন, একইভাবে কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির জন্য দোয়া করেছেন সৈয়দপুর গ্রামের বৃদ্ধা সাহেদা, নয়াপাড়া গ্রামের বৃদ্ধ কছিমদ্দিনসহ অন্তত দুই হাজার অসহায় মানুষ। কারও চোখে দীর্ঘদিনের জমে থাকা কষ্ট, কারও মনে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আশা। অর্থের অভাবে যাঁরা চোখের চিকিৎসা কিংবা ছানি অপারেশন করাতে পারছিলেন না, তাঁদের জন্য এই উদ্যোগ যেন আশার নতুন আলো।
ব্যারিস্টার জাইমা রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে শনিবার (২৪ অক্টোবর) বগুড়ার মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম পরিচালিত হয়। মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। সকাল ১১টা থেকে শুরু হওয়া এ কার্যক্রমে প্রায় দুই হাজার মানুষ চক্ষু চিকিৎসাসেবা পান। তাঁদের মধ্যে প্রায় ৬০০ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। আগামীকাল রবিবার শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে মোকামতলা ও শিবগঞ্জ উপজেলার ৬ শতাধিক প্রতিভাবান ছাত্রীদের বিনামূল্যে বাই সাইকেল উপহার দিবেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, বিএনপি জনগণের সরকার। সরকারের সাত মাসের মধ্যেই বগুড়া-২ আসনসহ সারাদেশে সমভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। মানুষের কল্যাণই সরকারের মূল লক্ষ্য।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, জামায়াত বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নিয়েছে, কিন্তু ভোটের পর তাদের আর মানুষের পাশে দেখা যাচ্ছে না। জামায়াত এমন একটি সংগঠন, যারা নিজেদের কর্মীদের পাশাপাশি একজন ফকিরকেও ভিক্ষা দেয় না। যারা জামায়াতকে ভোট দিয়েছেন, তাঁরা এখন আফসোস করছেন। ভুল করে যারা ভোট দিয়েছেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে তাঁদের বিএনপির প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে পূজা নিয়ে অনেক কথা বলা হয়েছে, কিন্তু এখন হিন্দু সম্প্রদায়ের খোঁজ নেওয়ার সময় তাদের পাওয়া যাচ্ছে না। তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, অথচ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের কল্যাণ নিয়েও তাদের কোনো কথা নেই। আপনাদের সন্তান তারেক রহমান ইমাম-মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন।
তিনি বলেন, আমরা ‘আমি-ডামি’ নির্বাচন করে ক্ষমতায় যেতে চাই না। জনগণের কল্যাণে কাজ করেই পাঁচ বছর পর আবারও জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাই, ইনশাআল্লাহ। আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলেও জানান তিনি।
যাঁদের কাছে চোখের অপারেশনের খরচ জোগাড় করাই ছিল দুঃসাধ্য, তাঁদের অনেকের কাছে এই আয়োজন হয়ে উঠেছে নতুন করে পৃথিবী দেখার স্বপ্ন। লাভলী বেওয়ার মতো মানুষের সরল ভাষার সেই আকুতি যেন বলে দেয়-গরিবের কাছে চোখের আলো ফিরে পাওয়া শুধু চিকিৎসা নয়, জীবনের আলো ফিরে পাওয়া।
























