নড়াইলে আগদিয়ারচর নিমতলা সার্বজনীন দুর্গা মন্দিরে ধর্মীয় যাত্রাপালা ‘তরণী সেন বধ’ অনুষ্ঠিত
নড়াইল সদরের আগদিয়ারচর নিমতলা সার্বজনীন দুর্গা মন্দির কমিটির আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় যাত্রাপালা ‘তরণী সেন বধ’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে মন্দির প্রাঙ্গণে এই যাত্রাপালার আয়োজন করা হয়। যাত্রা উপভোগ করতে আগদিয়ারচরসহ আশপাশের বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষ ভিড় জমান।
মন্দির কমিটির সভাপতি অজিত কুমার বাগচীর সভাপতিত্বে ও শ্যামল সান্যালের পরিচালনায়
প্রবাস থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ রবিউল ইসলাম রবি বিশ্বাস। তিনি তাঁর বক্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে মন্দিরের সার্বিক উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ফারুক আশিক দাদা ভাই, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিহির বিশ্বাস, পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রণব কুমার সান্যাল, প্রধান অতিথি রবিউল ইসলাম রবি বিশ্বাসের বড় ভাইয়ের ছেলে তুষার বিশ্বাস ও বিএনপি নেতা আমির হোসেন মীর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় রামায়ণ কাহিনী অবলম্বনে রচিত ‘তরণী সেন বধ’ যাত্রাপালা পরিবেশিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই পালাটি উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধক প্রণব কুমার সান্যাল জানান, সনাতন ধর্মের ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ধর্মীয় এই যাত্রাপালার আয়োজন করা হয়।
























