ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ২৫, আহত ৬
ইয়েমেনের লাহজ গভর্নরেটের ওয়াদি মাআবাক এলাকায় বাস ও ট্রাক লক্ষ্য করে সৌদি বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে কয়েকজনের মরদেহ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওয়াদি মাআবাক এলাকায় চলাচলরত বাস ও ট্রাক লক্ষ্য করে সৌদি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে সাবা জানায়, হামলায় দুটি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি বাসের ভেতরে মরদেহের মারাত্মকভাবে পুড়ে যাওয়া দেহাবশেষ পাওয়া গেছে। ফলে নিহতদের পরিচয় শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, হামলার পরও সৌদি যুদ্ধবিমানগুলো ওই এলাকার আকাশে চক্কর দিতে থাকে। এতে অ্যাম্বুলেন্সকর্মী ও স্থানীয় লোকজন হামলার শিকার ব্যক্তিদের কাছে পৌঁছাতে বাধার মুখে পড়েন। উদ্ধারকাজ ব্যাহত হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় আহত ছয়জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।


























