মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কার লুট
পিরোজপুরের মঠবাড়িয়ায় শুক্রবার রাত আড়াইটার দিকে দাউদখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মোশারফ হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্রের মুখে জিম্মি করে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার ভোরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানাগেছে, মোশারফ হোসেন এবং তার স্ত্রী রাতের আহার শেষ করে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে একদল দুর্বৃত্ত বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্র ঠেকিয়ে মোশারফ হোসেন ও তাঁর স্ত্রী, সোনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উম্মে কুলসুমকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এ সময় ডাকাতরা নগদ এক লাখ টাকা, স্বর্ণের চেইন, আংটি, কানের দুলসহ বিভিন্ন স্বর্ণালংকার এবং তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবার জানায়, তিনজন ডাকাত ঘরে প্রবেশ করে এবং ঘরের বাহিরে আরো কয়েকজনের টের পেয়েছি। ডাকাতরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তারা ঘরে থাকা টাকা, স্বর্ণ সহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছেন। আমরা এখন আতঙ্কে আছি।
তিনি আরও জানান, মঠবাড়িয়া থানার এসআই আলী আকবর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, এ ঘটনাকে ডাকাতি বলা যাবে না। এটা দস্যুতা হতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
























