গ্রীষ্মকালীন দাভোস সম্মেলন শেষে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) মর্যাদাপূর্ণ ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশগ্রহণ শেষে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবাইদা রহমান।
বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর ডালিয়ান থেকে তিনি বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন। প্রধানমন্ত্রী চীন সফরের অংশ হিসেবে ডব্লিউইএফ আয়োজিত ‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ বা ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেন।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বৈশ্বিক অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ ও টেকসই উন্নয়ন বিষয়ে মতামত তুলে ধরেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ আকর্ষণ, আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার এবং কর্মসংস্থান সৃষ্টির সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া বিভিন্ন দেশের সফল নীতি ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জাতীয় উন্নয়ন কৌশল আরও সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে।
চীন সফরের পরবর্তী ধাপে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের উচ্চপর্যায়ের বৈঠক এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।


























