ভুয়া নথি নিয়ে ভোটার হতে গিয়ে গৌরীপুরে রোহিঙ্গা যুবক আটক
ময়মনসিংহের গৌরীপুরে ভুয়া কাগজপত্র জমা দিয়ে ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে মোহাম্মদ মাসুদ (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।
আটক মাসুদ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ৮-ই ব্লকের বাসিন্দা বলে জানা গেছে। তাঁর বাবার নাম মো. জোবায়ের ও মায়ের নাম শাকিলা খাতুন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ভোটার হওয়ার জন্য মাসুদ যে কাগজপত্র জমা দেন, সেখানে তাঁর বাবার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, মায়ের নাম শান্তনা আক্তার এবং ঠিকানা হিসেবে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের দৌলতাবাদ গ্রামের নাম উল্লেখ করা হয়। জমা দেওয়া নথির মধ্যে ছিল সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের স্বাক্ষরিত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র, জন্মনিবন্ধন, একটি মাদ্রাসার শিক্ষাগত সনদ এবং একটি বেসরকারি হাসপাতালের রক্তের গ্রুপ পরীক্ষার প্রতিবেদন।
নির্বাচন কর্মকর্তাদের সন্দেহ হয়, যখন মাসুদের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। তিনি মুখে বাংলা বলতে পারলেও কোনো কিছু লিখতে পারছিলেন না। পরে তাঁর দেওয়া ঠিকানায় খোঁজ নিয়ে জানা যায়, দৌলতাবাদ গ্রামে মোহাম্মদ মাসুদ নামে কেউ নেই। জমা দেওয়া মাদ্রাসার প্রত্যয়নপত্র যাচাই করেও জানা যায়, ওই নামে তাদের কোনো শিক্ষার্থী কখনো ছিল না।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খান বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর তাঁর আচরণে সন্দেহ হয়। যাচাই করে দেখা যায়, সব নথিপত্র ভুয়া। দালাল চক্রের মাধ্যমে ভোটার হওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
আটক মাসুদ বলেন, কদ্দুছ অথবা কবীর নামে এক ব্যক্তি এক লাখ টাকার চুক্তিতে তাঁকে ভোটার আইডি কার্ড করে দেওয়ার আশ্বাস দেন। তিনি ১০ হাজার টাকা অগ্রিম দিয়েছেন। কয়েক দিন আগে তাঁকে গৌরীপুরে আনা হয় এবং তিনি একটি হোটেলে অবস্থান করছিলেন। পরে সাগর নামে এক ব্যক্তি তাঁকে নির্বাচন অফিসে নিয়ে আসেন বলে তিনি দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, আইনানুগ প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।















