দশমিনায় রণগোপালদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
পটুয়াখালীর দশমিনা উপজেলার ১নং রণগোপালদী ইউনিয়নের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. ওলিউল ইসলাম রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ভুক্তভোগী ও এলাকাবাসীর একাংশ।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে দশমিনা উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জেলেদের জন্য বরাদ্দ ১৮৭ বস্তা চাল আত্মসাৎ, একাধিক পরিবারের কাছ থেকে টিউবওয়েল দেওয়ার আশ্বাস দিয়ে প্রায় ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসনিক দায়িত্ব থেকে তাকে অপসারণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন রণগোপালদী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-২ মোশাররফ হোসেন, ইউপি সদস্য নওফেল, গণঅধিকার পরিষদের রণগোপালদী ইউনিয়ন সভাপতি মুছা মাঝিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ উঠে আসছে। তারা দাবি করেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি সুবিধা বণ্টনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. ওলিউল ইসলাম রুবেল বলেন, “আমি প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি মাত্র দুই দিন হলো। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।”


















