পীরগঞ্জে এমপি মো. নুরুল আমীনকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে গ্রামবাসীর সংবাদ সম্মেলন
রংপুরের পীরগঞ্জ উপজেলার তুলারামপুর গ্রামের বাসিন্দারা একটি সংবাদে স্থানীয় সংসদ সদস্য এমপি নূরুল আমীনকে জড়িয়ে প্রকাশিত তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার ২ জুলাই/২৬ বেলা ২ ঘটিকায় সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে অত্র গ্রামের বাসিন্দার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি অত্র গ্রামের স্থায়ী বাসিন্দা আবু কাওছার মোঃ মোজাহিদুল ইসলাম মুজাহিদ । বক্তব্যে তারা দাবি করেন, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদে বাস্তবতার সঙ্গে মিল নেই এবং এতে এমপি নূরুল আমীন ও গ্রামের মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
লিখিত বক্তব্যে গ্রামবাসীরা জানান, এমপি নূরুল আমীন দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক উন্নয়নে তাঁর বিভিন্ন অবদানের কথা তুলে ধরে তারা বলেন, সরকারি বরাদ্দের মাধ্যমে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হয়েছে।
তারা আরও দাবি করেন, ওয়াজ মাহফিল, মসজিদ উন্নয়ন এবং কাঁচা রাস্তা সংস্কারের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা সরকারি নিয়ম মেনেই প্রদান করা হয়েছে। এসব বরাদ্দকে অনিয়ম হিসেবে উপস্থাপন করা উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর বলে অভিযোগ করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে গ্রামবাসীরা বলেন, গ্রামের উন্নয়নের স্বার্থে আরও বিভিন্ন প্রকল্পের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতেও এসব উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
এ সময় তারা দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়ে বলেন, কোনো সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সকল পক্ষের বক্তব্য নিয়ে প্রকৃত তথ্য যাচাই করা উচিত। ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশের মাধ্যমে ব্যক্তি ও এলাকার সুনাম ক্ষুণ্ন না করার আহ্বান জানান তারা।
মোঃ মুন্না মিয়া
পীরগঞ্জ রংপুর।
তাংঃ ২ জুলাই/২০২৬




















