১৬ বছরের কম বয়সীদের ৭ লাখ ৫৬ হাজার অ্যাকাউন্ট সরাল মেটা
অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ঐতিহাসিক নিষেধাজ্ঞা কার্যকরের অংশ হিসেবে প্রায় ৭ লাখ ৫৬ হাজার সন্দেহভাজন অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে মেটা। ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটি আইনি বাধ্যবাধকতা মেনেই এসব অ্যাকাউন্ট সরিয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকারের নিয়ন্ত্রক সংস্থার সম্ভাব্য কঠোর আইনি পদক্ষেপ ও জরিমানার মুখে মেটা এ তথ্য প্রকাশ করে।
মেটা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অন্যান্য প্রোফাইল ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের শনাক্ত করার কাজ অব্যাহত থাকবে। জন্মদিনের শুভেচ্ছা, ক্লাসের তথ্য কিংবা পোস্টের ক্যাপশনে থাকা বিভিন্ন সূত্র বিশ্লেষণ করে সন্দেহভাজন অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট শনাক্ত করা হচ্ছে।
মেটার পাশাপাশি টিকটক, ইউটিউবের মালিক গুগল এবং স্ন্যাপচ্যাটের প্রতিনিধিদেরও এ বিষয়ে সংসদীয় কমিটির সামনে হাজির হয়ে জবাবদিহি করার কথা রয়েছে।
অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার ও ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা নিয়ম অমান্যকারী সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই মেটা বিপুলসংখ্যক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার পরিসংখ্যান প্রকাশ করল।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে আইন কার্যকর হওয়ার আগের সময় থেকে চলতি বছরের জুন পর্যন্ত ২ লাখ ৯৪ হাজার ফেসবুক অ্যাকাউন্ট এবং ৪ লাখ ৬২ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে মেটা। এর আগে জানুয়ারিতে প্রতিষ্ঠানটি ১ লাখ ৭৩ হাজার ফেসবুক ও ৩ লাখ ৩১ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরানোর তথ্য জানিয়েছিল।
তবে নিষেধাজ্ঞা কার্যকরের প্রথম তিন মাসেও ১৬ বছরের কম বয়সী ৮০ শতাংশের বেশি শিশু-কিশোর কোনো না কোনো উপায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছিল বলে একটি সূত্রে জানা গেছে।
এ পরিস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার নিয়ম ভঙ্গকারী প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছে। প্রস্তাবিত আইনে সর্বোচ্চ জরিমানা দ্বিগুণ করে ৯ কোটি ৯ লাখ অস্ট্রেলিয়ান ডলার, যা প্রায় ৬ কোটি ৯৭ লাখ মার্কিন ডলার, করার বিধান রাখা হয়েছে।

























