মামলার নথি ছিনিয়ে নিতে পুলিশের উপপরিদর্শককে ছুরিকাঘাত!
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মইনুল ইসলামকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৯ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বনানী ও ফুলতলা এলাকার মাঝামাঝি পেপসি কোম্পানির সামনে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ জানান, গতকাল মঙ্গলবার একটি প্রতারণা মামলায় আসামী আটক করে থানায় প্রেরণ পূর্বক ওই মামলার তদন্ত শেষে শাজাহানপুর থানা থেকে কৈগাড়ী পুলিশ ফাঁড়িতে ফেরার পথে এসআই মইনুল ইসলামের গতিরোধ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা তার কাছে থাকা মামলার গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ছুরিকাঘাতে এসআই মইনুল ইসলামের ডান পায়ের হাঁটুর নিচে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় ভিকটিম নিজে এক অটোরিকশাচালক ধরে উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হন।
কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সুফিয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই মইনুল ইসলাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।





















