শিক্ষার্থীদের সচেতনতায় তারাগঞ্জে ওসির উদ্যোগ, আলোচনায় মাদক ও বাল্যবিবাহ
রংপুরের তারাগঞ্জ শিশু নিকেতন স্কুলে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন।
বুধবার (১০ জুন) দুপুর ১২ টায় তিনি শিক্ষার্থীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন এবং এবং মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।
পাশাপাশি অল্প বয়সে প্রেম, বাল্যবিবাহ এবং এসবের কারণে ছেলে-মেয়েদের শিক্ষা ও ভবিষ্যৎ জীবনে যে নেতিবাচক প্রভাব পড়ে, সে বিষয়েও আলোচনা করেন।
ওসি রুহুল আমিন বলেন, “পড়ালেখাই জীবনের মূল ভিত্তি। শিক্ষা ছাড়া সমাজে সম্মান ও প্রতিষ্ঠা অর্জন করা কঠিন। শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই দেশ ও সমাজের কল্যাণে তাদেরকে মাদক, অপরাধ ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
মতবিনিময় সভায় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন বাস্তব ঘটনা ও উদাহরণের মাধ্যমে সচেতনতামূলক নানা বিষয় তুলে ধরেন। তাঁর বক্তব্য শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শোনে এবং এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায়।
এ সময় উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী মোঃ মুঈদ চৌধুরীসহ বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য অতিথিরা।
মোঃ মুঈদ চৌধুরী,
তারাগঞ্জ রংপুর






















