একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
ঢাকা, ১৯ জুন: বাংলা সাহিত্যাঙ্গনে শোকের ছায়া ফেলে না ফেরার দেশে পাড়ি জমালেন মৃত্তিকার কবি হিসেবে খ্যাত একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী। শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র শাবিব আল মুজাহিদী। তিনি জানান, গত বুধবার অসুস্থ হয়ে পড়লে কবিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি দুইবার কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন। পাশাপাশি ব্লাড ইনফেকশন ও কিডনি ফেইলিওরের জটিলতাও ছিল।
পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হলে চিকিৎসকরা তাকে শক থেরাপি দেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।
আগামীকাল শনিবার বাদ জোহর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। এর আগে সকাল ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।
১৯৪৩ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন আল মুজাহিদী। বাংলা কবিতার ষাটের দশকের অন্যতম প্রধান কবি হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। মাত্র নয় বছর বয়সে কবিতা লেখা শুরু করা এই সাহিত্যিক দীর্ঘ কর্মজীবনে অর্ধশতাধিক গ্রন্থ রচনা করেন। কবিতার পাশাপাশি উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনাতেও তিনি সমানভাবে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
সাংবাদিকতা ও সাহিত্যচর্চার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা আল মুজাহিদী দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
তার মৃত্যুতে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী এবং তার অসংখ্য পাঠক-অনুরাগী এই গুণী মানুষের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।























