আলুর দাম নেই, উল্টো বাড়ল স্টোরেজ ভাড়া—ক্ষোভে ফুঁসছে পঞ্চগড়ের কৃষক
আলুর ন্যায্যমূল্য না পাওয়ার ক্ষোভের মধ্যেই কোল্ড স্টোরেজে সংরক্ষণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছেন আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির নেতৃবৃন্দ ও কৃষকরা। তাদের দাবি, কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া কেজিপ্রতি ৫ টাকা নির্ধারণ করতে হবে।
রোববার (২১ জুন) দুপুরে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের কায়েতপাড়া এলাকায় কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, কয়েক বছর ধরে আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা ধারাবাহিকভাবে লোকসানের মুখে পড়ছেন। এর মধ্যে প্রতি বস্তা আলু সংরক্ষণের ভাড়া ৪২০ টাকা নির্ধারণ করায় কৃষকদের ওপর নতুন করে আর্থিক চাপ সৃষ্টি হয়েছে।
আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডির সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বলেন, “আলু চাষ করে বারবার লোকসানের মুখে পড়ছি। উৎপাদন খরচ বাড়লেও কৃষক ন্যায্যমূল্য পাচ্ছে না। এখন আবার স্টোরেজ ভাড়া বাড়িয়ে দেওয়ায় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই কেজিপ্রতি ৫ টাকা ভাড়া নির্ধারণের দাবি জানাচ্ছি।”
কৃষক মির্জা সলিমুল্লাহ হক বলেন, এবার আলুর বাজারদর আশানুরূপ না থাকায় উৎপাদন খরচই ওঠেনি। এখন প্রতি কেজিতে প্রায় ৮ টাকা পর্যন্ত সংরক্ষণ ভাড়া দিতে হলে কৃষক আরও ক্ষতিগ্রস্ত হবে। তিনি সরকারকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা আলুর ন্যায্যমূল্য নিশ্চিত, কোল্ড স্টোরেজে কৃষকবান্ধব ভাড়া নির্ধারণ এবং আলু রপ্তানিতে সরকারি উদ্যোগ জোরদারের দাবি জানান। পাশাপাশি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তারা বলেন, আলুর বাজার স্থিতিশীল রাখা ও রপ্তানি বাড়ানো গেলে কৃষকরা ন্যায্য লাভ পাবেন এবং আলু চাষে আগ্রহ বজায় থাকবে।
























