গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নতুন কমিটির সঙ্গে বিচারকদের মতবিনিময়
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদ্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি ও বিচার বিভাগের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক। এছাড়া জেলা আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারক এবং আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আরাফাত হোসেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম।
বক্তারা নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে বিচারপ্রার্থীদের দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সবাইকে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার আহ্বান জানান তারা।
আইনজীবী সমিতির পক্ষে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি কাজী আবুল খায়ের, সহ-সভাপতি মো. ফরহাদ মোল্লা, সহ-সভাপতি মো. মঈনুল হাসান মৃধা এবং সাধারণ সম্পাদক এন্তেখাফ আলম সেলিম।
তারা আদালতের মর্যাদা অক্ষুণ্ন রাখা, বিচার বিভাগের সঙ্গে সমন্বয় জোরদার করা এবং আইনজীবীদের পেশাগত দক্ষতা ও কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত ২৩ মে ২০২৬ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১৬টি পদের প্রতিটিতেই বিএনপি-সমর্থিত আইনজীবী প্রার্থীরা বিজয় অর্জন করেন।



















