রেফারির পক্ষপাতিত্বের অভিযোগে স্কালোনি: ‘ভিএআরের যুগে বিশেষ সুবিধা সম্ভব নয়’
২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে রেফারির পক্ষপাতিত্ব নিয়ে ওঠা সমালোচনার জবাব দিয়েছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। কানসাস সিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, আধুনিক ফুটবলে ভিএআরের উপস্থিতিতে কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।
স্কালোনি বলেন, আর্জেন্টিনার প্রতি রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ নতুন নয়। ১৯৮৬ সালের বিশ্বকাপেও এমন অভিযোগ উঠেছিল। তার ভাষায়, “৮৬ সালেও বলা হয়েছিল আমরা বিশেষ সুবিধা পাচ্ছি। আর্জেন্টিনা সব সময়ই শক্তিশালী দল ছিল। অনেকেই চায় না আমরা জিতি, আবার অনেকেই আমাদের সমর্থন করে। খেলোয়াড়রা এসব সমালোচনাকে অনুপ্রেরণা হিসেবে নেয় এবং আরও ভালো খেলতে চেষ্টা করে।”
তিনি আরও বলেন, “আজকের ভিএআরের যুগে কাউকে সাহায্য করা খুব কঠিন। নিয়ম পরিষ্কার, তাই পক্ষপাতিত্বের সুযোগও নেই।”
মিশরের বিপক্ষে শেষ ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েও কথা বলেন স্কালোনি। ওই ম্যাচে মিশরের একটি গোল বাতিল হওয়া নিয়ে সমালোচনা তৈরি হলেও আর্জেন্টিনা কোচের দাবি, লিসান্দ্রো মার্টিনেজের ওপর ফাউল হয়েছিল বলেই গোলটি বাতিল করা হয় এবং সিদ্ধান্তটি ছিল সঠিক।
পক্ষপাতিত্বের অভিযোগকে ‘সোশ্যাল মিডিয়ার সৃষ্টি’ বলে উল্লেখ করে স্কালোনি বলেন, “আজকাল ছোট একটি বিষয়ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরঞ্জিত হয়ে বড় বিতর্কে পরিণত হয়। ফুটবলে এখন আর বিশেষ সুবিধা পাওয়ার মতো কিছু নেই। প্রযুক্তির ব্যবহারে সব সিদ্ধান্তই নিয়ম অনুযায়ী নেওয়া হয়।”
তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে যে কেউ কোনো প্রমাণ ছাড়াই কিছু পোস্ট করতে পারে, আর তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কিন্তু আমরা এসব বিষয়ে কোনো গুরুত্ব দিচ্ছি না। আমাদের পুরো মনোযোগ সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে।”
উল্লেখ্য, শেষ ষোলোর ম্যাচে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ওই ম্যাচে মিশরের একটি গোল বাতিল হওয়া এবং শেষ দিকে পেনাল্টির আবেদন রিভিউ না হওয়াকে কেন্দ্র করে আর্জেন্টিনার বিরুদ্ধে রেফারির পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে। তবে সেই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন স্কালোনি।

























