জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৩
জাপানের দক্ষিণাঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৯ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে জাপানের দক্ষিণাঞ্চলের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন। খবর এপি নিউজের।
প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, নিখোঁজদের উদ্ধারে রাতভর অভিযান চালানো হয়েছে। উদ্ধারকাজ এখনো অব্যাহত রয়েছে।
ভূমিকম্পের পর বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এপির প্রতিবেদনে বলা হয়েছে, একটি শপিং সেন্টারের অংশ ধসে পড়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকের কারণে ভবনটির ওই অংশ ধসে পড়ে।
এ ছাড়া একটি কাগজ কারখানার বিশাল চিমনিও ধসে পড়েছে। দেশটির দমকল বিভাগের তথ্য অনুযায়ী, কাশিমা শহরের এইয়ন মলের দ্বিতীয় তলা ধসে পড়ায় সেখানে বেশ কয়েকজন আটকা পড়েন।
অন্যদিকে, নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজ কোম্পানির ইয়াতসুশিরো কারখানায় একটি চিমনি ধসে পড়েছে। এতে ধ্বংসস্তূপের নিচে কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছে কুমামোতো জরুরি উদ্ধারকারী দল।
জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের পর ২ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের বেশিরভাগই কুমামোতো প্রিফেকচারের বাসিন্দা। পাশের নাগাসাকি প্রিফেকচারেও বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাটি জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে। উদ্ধারকাজ শেষ হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
























