মেট্রোরেল চলাচলের সময় বাড়ল
মেট্রোরেলের রাতের শেষ ট্রেন চলাচলের সময় আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী সেপ্টেম্বর থেকে মেট্রোরেল চলাচলের সময় ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত বাড়তে পারে।
নতুন সময়সূচি অনুযায়ী, মেট্রোরেলের শেষ ট্রেন রাত ১১টায় ছেড়ে যাবে। পাশাপাশি শেষ ট্রেনের মাঝখানে বর্তমানে ২০ মিনিটের যে বিরতি রয়েছে, তা কমিয়ে ৭ থেকে ৮ মিনিটে আনার পরিকল্পনা করা হয়েছে।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, রাতে ট্রেন চলাচলের সময় বাড়াতে অতিরিক্ত ট্রেনচালক বা অপারেটরের প্রয়োজন হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগের প্রক্রিয়া শেষ হয়েছে। বর্তমানে তাদের প্রশিক্ষণ চলছে, যা আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে।
এ ছাড়া রাতে ট্রেন চলাচলের সময় বাড়ানো হলে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ কীভাবে সম্পন্ন করা হবে, তা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা চলছে। এসব বিষয় চূড়ান্ত হওয়ার পর নতুন সময়সূচি কার্যকর করা হবে।
এর আগে গত ৭ জুন থেকে মেট্রোরেলের রাতের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়েছিল। এবার আরও সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।























