যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
যুদ্ধবিরতির নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া সমঝোতার আওতায় চলমান ৬০ দিনের যুদ্ধবিরতি আরও বাড়ানোর বিষয়ে দুই দেশ সম্মতি জানিয়েছে।
আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ১৭ আগস্ট শেষ হওয়ার কথা। এর আগেই নতুন করে সংঘাত এড়াতে মেয়াদ বাড়ানোর বিষয়ে মধ্যস্থতাকারীদের কাছে নিজেদের সম্মতির কথা জানিয়েছে ওয়াশিংটন ও তেহরান।
মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত এক কর্মকর্তা জানান, যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে দুই পক্ষ সম্মত হলেও কত দিনের জন্য তা বাড়ানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এর ধারাবাহিকতায় গত এপ্রিল মাসে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। পরে ১৭ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ওই সমঝোতার মূল লক্ষ্য ছিল স্থায়ী একটি চুক্তিতে পৌঁছাতে দুই দেশের মধ্যে আলোচনা চালু রাখা। তবে নিরাপত্তার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালি দিয়ে অবাধ নৌচলাচল নিয়ে মতবিরোধের কারণে পরবর্তী সময়ে আলোচনা বাধাগ্রস্ত হয়।
যুদ্ধবিরতির মধ্যেও দুই দেশের মধ্যে উত্তেজনা পুরোপুরি থামেনি। ৮ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সামরিক হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পর ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামে হামলা চালায় বলে জানানো হয়।
এতে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্মতি সংঘাত কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আনাদোলু



























