ইশরাককে পদত্যাগের ‘নির্দেশ’ প্রধানমন্ত্রীর, অস্বীকার প্রতিমন্ত্রীর
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সংক্রান্ত খবর প্রচার হতে দেখা গেছে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে।
তবে, বিষয়টি অস্বীকার করেছেন ইশরাক। এ খবরকে গুজব বলে দাবি করেছেন তিনি। ইশরাকের দাবির খবরটিও প্রচার করেছে বিটিভি।
রোববার (১৮ অক্টোবর) রাতে দেওয়া এক অডিও বার্তায় ইশরাক বলেন, ‘আমি দয়া করে সবাইকে অনুরোধ জানাচ্ছি, এ বিষয়টিকে আপনারা অবশ্যই গুজব হিসেবে ধরবেন। এর কোনো সত্যতা এখনো নেই।’
এর আগে সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রোববার বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাককে ব্যক্তিগতভাবে ডেকে নিয়ে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
রোববার রাতে ইশরাকের প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক প্রেস বিজ্ঞপ্তিতে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবরকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইশরাক তার সরকারি ও রাজনৈতিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। সরকারের উচ্চপর্যায় থেকে তাকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তার পদত্যাগের কোনো প্রশ্নই ওঠে না।
একটি মহল রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে এ ধরনের তথ্য ছড়াচ্ছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে খবর প্রত্যাহার করে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্ক
গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের অংশ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি প্রকাশের পর তার এভাবে অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে ইশরাক আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করছেন। তাঁর সঙ্গে থাকা কয়েকজনকেও অস্ত্র হাতে দেখা যায়।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বিবৃতিতে ইশরাক দাবি করেন, নিরাপত্তাঝুঁকি ও হামলার আশঙ্কা থেকে আত্মরক্ষার্থে তিনি এবং তার সরকারি নিরাপত্তারক্ষীরা অল্প সময়ের জন্য অস্ত্র উঁচিয়ে ধরেছিলেন। পরে পুলিশের উপস্থিতিতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক এবং মাদকসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় বলে তিনি জানান।
এদিকে, অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘটনাটি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর এবং ইশরাকের তা অস্বীকার করার বিষয়েও রোববার রাত পর্যন্ত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

























