জয়পুরহাটে র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার অস্ত্র, ম্যাগাজিন ও রামদা
জয়পুরহাট জেলার সদর থানাধীন ঘোষপাড়া গ্রামের ফ্রি ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা উদ্ধার করেছে র্যাব-৫, রাজশাহী।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাই, প্রতারণা, হত্যা ও ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে তারা নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।
গোপন তথ্য ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাটের একটি আভিযানিক দল ঘোষপাড়া গ্রামের ফ্রি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সংঘবদ্ধ একটি অস্ত্রধারী দলের অবস্থানের তথ্যের ভিত্তিতে পুরো এলাকা ঘিরে ফেলা হয়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি ধারালো রামদা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও আলামত নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অভিযানে জড়িত পলাতক অস্ত্রধারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


























