ঠাকুরগাঁওয়ে তরুণীর অস্বাভাবিক মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট নাকি ফাঁস রহস্য
ঠাকুরগাঁওয়ের ভুল্লি থানার বড়গাঁও এলাকায় রেমি আক্তার (২৬) নামে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত রেমি আক্তার বড়গাঁও ইউনিয়নের কদমরসুল এলাকার মো. ফজলুল করিমের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে স্থানীয় কয়েকজন রেমি আক্তারকে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অস্বাভাবিক মনে হওয়ায় মরদেহটি মর্গে রাখা হয়েছে।
এদিকে রেমি আক্তারের মৃত্যুর কারণ নিয়ে স্বজনদের বক্তব্যে ভিন্নতা দেখা দিয়েছে। পরিবারের কেউ কেউ দাবি করছেন, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন। আবার কারও বক্তব্য, তিনি ফাঁস দিয়েছিলেন। ফলে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে এলাকায় রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, রেমি আক্তার উচ্চশিক্ষিত ছিলেন। তাঁর আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ কী—তা ময়নাতদন্তের প্রতিবেদন ও সংশ্লিষ্ট তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

























