নওগাঁর পত্নীতলায় বিজিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক
নওগাঁর পত্নীতলায় অভিযান চালিয়ে ১৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ শামীম হোসেন (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহলদল পত্নীতলা উপজেলার হলারকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক শামীম হোসেন পত্নীতলা উপজেলার ফাজিলপুর গ্রামের মোঃ জামাল হোসেনের ছেলে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) সূত্রে জানা যায়, আটক ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

























