মধ্যনগর-তাহিরপুর সড়কের ২৫ গজ ভাঙা অংশে দুর্ভোগে হাজারো মানুষ
নেত্রকোনা ও সুনামগঞ্জ জেলার মধ্যে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম মধ্যনগর-তাহিরপুর সাবমারসিবল সড়ক।
বছরের প্রায় পাঁচ মাস পানির নিচে তলিয়ে থাকে সড়কটি। বাকি সময় এই সড়ক দিয়েই নেত্রকোনা থেকে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় যাতায়াত করেন হাজার হাজার মানুষ।
কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, মধ্যনগর উপজেলার আঠাইশা মাছিমপুর ও রাঙামাটি গ্রামের মধ্যবর্তী স্থানে প্রায় ২৫ গজ সড়ক ভেঙে যাওয়ায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী ও পথচারীরা। গত কয়েক বছর ধরে এই ভাঙা অংশের কারণে স্বাভাবিক যাতায়াত ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিন চলাচলকারী সাধারণ মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
চলতি বছর সংশ্লিষ্ট এমপি মহোদয়ের প্রচেষ্টায় ভাঙা অংশটি মাটি দিয়ে ভরাট করা হলে সাময়িকভাবে চলাচলের উপযোগী হয় সড়কটি। তবে মাটি দিয়ে ভরাট করায় সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে মনে করছেন স্থানীয়রা। বর্ষা মৌসুমে পানির চাপ ও স্রোতে পুনরায় সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মাননীয় সংসদ সদস্যের সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে ভাঙা অংশটি স্থায়ীভাবে সংস্কার করা হবে। পাশাপাশি সড়কটির টেকসই উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে দুই জেলার হাজারো মানুষ সারা বছর নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন।
এলাকাবাসীর মতে, মধ্যনগর-তাহিরপুর সড়কের এই গুরুত্বপূর্ণ
অংশটি স্থায়ীভাবে সংস্কার করা হলে দুই জেলার মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে এবং শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।





















