দীর্ঘ ২০ বছর পর ডুলাহাজারা ক্রীড়া সংসদের নির্বাচন, সভাপতি ফজলুল কাদের
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ক্রীড়া সংসদের দ্বিবার্ষিক নির্বাচন দীর্ঘ প্রায় ২০ বছর পর উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১১৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ডুলাহাজারা ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও ব্যবসায়ী ফজলুল কাদের। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুল আজিম, যিনি পেয়েছেন ১০৫ ভোট।
শনিবার (২৪ অক্টোবর) ডুলাহাজারা বাজারসংলগ্ন ডুলাহাজারা বহুমুখী উচ্চবিদ্যালয়ের হলরুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২০২৬-২০২৮ মেয়াদের এ নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৩৬ জন। তাঁদের মধ্যে ২১১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিব, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক ইছাহাক মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির পারভেজ এবং কার্যকরী সদস্য রেজাউল করিম ও মোহাম্মদ ইসমাইল।
প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ ফয়জুল আলম চৌধুরী জানান, মোট ২৩৬ ভোটারের মধ্যে ২১১টি ভোট পড়েছে। কোনো ধরনের অভিযোগ ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিন পর নির্বাচনকে ঘিরে ক্রীড়া সংসদের সদস্য ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার, উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপুসহ গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা আশা করছেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে ডুলাহাজারা ক্রীড়া সংসদের কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, নতুন খেলোয়াড় তৈরি এবং এলাকার ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ধরে রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।






















