মুকসুদপুরে সিসিডিবির উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইস্যুভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি (ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ)-এর উদ্যোগে ‘মাদককে না বলুন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে ননীক্ষীর উচ্চবিদ্যালয় মাঠে ননীক্ষীর ইউনিয়ন পরিষদ ও স্থানীয় যুবসমাজের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন সিসিডিবির জেন্ডার অ্যান্ড অ্যাডভোকেসি অফিসার জ্যাকলিন মালা।
সভায় বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বিশিষ্ট সমাজসেবী মিতা হক, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সহসভাপতি মোঃ জুয়েল শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও যুবসমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
























