বান্দরবানে ৩০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ১
বান্দরবানে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ একটি প্রাইভেটকার ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. জাকির হোসেন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২১ মিনিটে বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর সাকিনস্থ তাজিংডং হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. কামরুল আজমের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাজিংডং হোটেলের সামনে পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামের কেরানীহাট থেকে বান্দরবানের দিকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।
এ সময় গাড়ির চালকের আসনে থাকা মো. জাকির হোসেনের কথাবার্তায় অসংলগ্নতা পরিলক্ষিত হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি গাড়িতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে গাড়ির পেছনের সিটে বিশেষ কৌশলে খাকি কসটেপে মোড়ানো ১৫টি পোটলা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, পোটলাগুলোতে ১৫০টি নীল রঙের বায়ুরোধক পলিজিপার প্যাকেট ছিল। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ৩০ হাজার পিস (ভাঙা ইয়াবাসহ) ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।
এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নম্বর—ঢাকা মেট্রো-গ-১৬-৮৪৩৯) এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত জাকির হোসেন জানিয়েছেন, তিনি কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লার অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির উদ্দেশ্যে আরও তিনজন অজ্ঞাতনামা সহযোগীর সঙ্গে প্রাইভেটকারযোগে ইয়াবা পরিবহন করছিলেন।
পুলিশ জানায়, চট্টগ্রামের কেরানীহাট এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে কেরানীহাট হয়ে বান্দরবানে প্রবেশ করে। পরে বান্দরবান বাসস্টেশন এলাকায় ওই তিন সহযোগী গাড়ি থেকে নেমে পালিয়ে যায় বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গ্রেপ্তারকৃত ব্যক্তি।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, প্রাইভেটকার ও মোবাইল ফোন শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক সহযোগী ও সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বান্দরবান পার্বত্য জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে তারা দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।






















