ভোলায় মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩
ভোলায় মাদকবিরোধী অভিযানে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ভোলা পৌরসভার আমানতপাড়া এলাকার মো. সুলাইমানের ছেলে মোহাম্মদ আলী জিন্নাহ রাজিব (৪৫), ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা হাওলী এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (৩৭) এবং একই এলাকার আইয়ুব সরদারের স্ত্রী রিমি কবিতা ওরফে রিমা সরদার (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ভোলা সদর মডেল থানা পুলিশের একটি দল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পরে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ডিপার্টমেন্ট অব ল্যাবরেটরি মেডিসিন বিভাগে তাদের ডোপ টেস্ট করা হয়। পরীক্ষায় রাজিবের শরীরে মেথঅ্যামফেটামিন, অ্যামফেটামিন ও মেথিলিনডাইঅক্সিমেথঅ্যামফেটামিন, ফয়সালের শরীরে মেথঅ্যামফেটামিন ও ক্যানাবিনয়েডস এবং রিমি কবিতা ওরফে রিমা সরদারের শরীরে মেথঅ্যামফেটামিন ও অ্যামফেটামিন শনাক্ত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভোলা সদর মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৬ ও ২১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটি জিআর-৫৬৪/২০২৬, মামলা নম্বর-০৯।
ওসি বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে তিনি সবার সহযোগিতা কামনা করেন।
ভোলা জেলা প্রতিনিধি
মোঃ সুলাইমান





















