মোহনগঞ্জে মুখোশধারীদের গুলিতে যুবক আহত
নেত্রকোনার মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে সুজন পাল (৩৩) নামে এক যুবক আহত হয়েছেন। আজ রোববার (১৮ অক্টোবর) ভোর আনুমানিক ৫.৩০এর দিকে রামকৃষ্ণ মন্দিরসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত সুজন পাল নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার মেহেন্দিপুর গ্রামের জিতেন্দ্র পালের ছেলে। তিনি মোহনগঞ্জ পৌরশহরের একটি মিষ্টির দোকানে কাজ করেন। স্ত্রী ও সন্তান নিয়ে মাইলোড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ভোরে ঘুম থেকে উঠে সুজন পাল বাসার পাশের পুকুরে হাত-মুখ ধুতে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই মুখোশধারী ব্যক্তি তাঁর পথরোধ করেন। পরে তারা দুবাই প্রবাসী পলাশ সাহার বাড়ির অবস্থান জানতে চান।
সুজন পালের স্ত্রী টুম্পা পাল জানান, একপর্যায়ে মুখোশধারীদের একজন অস্ত্র বের করলে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন তাঁকে লক্ষ্য করে গুলি করা হয়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলির শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে সুজনকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অলক কান্তি তালুকদার জানান, সুজন পালের পিঠে গুলির আঘাত রয়েছে। সকালে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান ও মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুনও ঘটনাস্থল পরিদর্শন করেন।
মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, ভোরবেলায় জনবসতিপূর্ণ এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তবে গুলির ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং হামলাকারীদের উদ্দেশ্য কী ছিল—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

























