১০০ কোটির ক্লাবে সামান্থার ‘মা ইন্তি বাঙ্গারাম
ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ তেলুগু চলচ্চিত্রে নতুন ইতিহাস গড়েছে। নারীপ্রধান তেলুগু সিনেমা হিসেবে প্রথমবারের মতো ছবিটি বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করেছে।
সোমবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সুখবরটি নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামান্থা। ভিডিওতে দেখা যায়, তিনি একা বসে আছেন। এমন সময় তার স্বামী রাজ নিদিমরু একটি আইপ্যাড নিয়ে আসেন। সেটি আনলক করার পর পর্দায় ভেসে ওঠে ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর ১০০ কোটি রুপি আয়ের পোস্টার। খবরটি দেখে উচ্ছ্বাসে হাসিতে ভরে ওঠে অভিনেত্রীর মুখ।
পোস্টের সঙ্গে দেওয়া বার্তায় ৩৯ বছর বয়সী সামান্থা জানান, মুক্তির আগে ছবিটি নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন। দর্শক ছবিটি গ্রহণ করবেন কি না, প্রচারণা তাদের কাছে পৌঁছাচ্ছে কি না—এসব ভাবনা তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। তবে শেষ পর্যন্ত দর্শকদের ভালোবাসাই ছবিটিকে এই ঐতিহাসিক সাফল্য এনে দিয়েছে।
নারীকেন্দ্রিক সিনেমার সাফল্য প্রসঙ্গে সামান্থা বলেন, “সত্যিকারের পরিবর্তন তখনই আসে, যখন কেউ ঝুঁকি নিতে প্রস্তুত থাকে। আমি আশা করি, এই ছবির সাফল্য নারীপ্রধান সিনেমা নিয়ে প্রচলিত ধারণা বদলাতে সাহায্য করবে। ভবিষ্যতে নায়িকাকেন্দ্রিক চলচ্চিত্রের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে উত্তরটি যেন সরাসরি ‘না’ না হয়।”
উল্লেখ্য, এর আগে তেলুগু ভাষার নারীপ্রধান চলচ্চিত্রের সর্বোচ্চ আয় ছিল কীর্তি সুরেশ অভিনীত ‘মহনতি’ সিনেমার। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৮৩ কোটি রুপি আয় করেছিল। সেই রেকর্ড ভেঙে এখন নতুন মাইলফলক স্থাপন করল সামান্থার ‘মা ইন্তি বাঙ্গারাম’।
























