“মাছ উৎপাদন বৃদ্ধিতে সন্দ্বীপে প্রদর্শনী পুকুর প্রকল্পের উপকরণ বিতরণ”
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় “ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা ও সম্প্রসারণ প্রকল্প”-এর আওতায় সাতজন সুফলভোগীর মাঝে প্রদর্শনী পুকুর স্থাপনের জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় গৃহস্থালি পুকুরগুলোকে আধুনিক মৎস্যচাষ ব্যবস্থার অন্তর্ভুক্ত করে মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণকে মৎস্যচাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সুফলভোগীদের মাঝে মাছের পোনা, মাছের খাদ্য এবং পুকুরপাড়ে সবজি চাষের জন্য বিভিন্ন জাতের সবজির চারা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মারুফ হোসেন। এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গৃহস্থালি পুকুরের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে মাছ ও সবজি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি চাহিদা পূরণ এবং পরিবারের অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সরকারের মৎস্য ও কৃষি উন্নয়নমূলক প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।
























