কেন্দুয়ায় অপহৃত স্কুলছাত্রী ঢাকা থেকে উদ্ধার, ধর্ষণে সহায়তাকারী গ্রেফতার
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৬) অপহরণ ও ধর্ষণে সহায়তার অভিযোগে জনি (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অপহৃত ওই ছাত্রীটিকে রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে উদ্ধার করা হয়।
আজ ২৩ আগস্ট রবিবার রবিবার সকালে র্যাব-১৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো নিশ্চিত করা হয়েছে।
মামলার এজাহার ও র্যাব সূত্রে জানা যায়, প্রধান আসামি রনি (২২) ওই ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিলে পরিবার তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে গত ২০ আগস্ট সকালে কোচিংয়ে যাওয়ার পথে মেয়েটিকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায় রনি ও তার সহযোগীরা। পরে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।ঘটনা পরবর্তী ভুক্তভোগীর ভাই বাদী হয়ে কেন্দুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব-১৪ ও র্যাব-১ যৌথ অভিযান চালিয়ে গত ২২ আগস্ট শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে সহায়তাকারী জনিকে গ্রেফতার ও ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ছাত্রীকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং গ্রেফতারকৃত জনিকে আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায়(কেন্দুয়া থানা) হস্তান্তর করা হয়েছে।তবে প্রধান আসামিসহ বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।


























