সৌদিতে চাকরির আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ, দালাল সুমন মৃধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঘুনিয়াকুল গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের কয়েকজনকে সৌদি আরবে নিয়ে ভালো চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার পর কোনো কাজ না দেওয়ার অভিযোগ উঠেছে দালাল সুমন মৃধার বিরুদ্ধে।
ভুক্তভোগীরা হলেন—মো. ফেরদৌস সরদার, পিতা: সত্তার সরদার; ইকবাল শরীফ, পিতা: আজিজ শরীফ, গ্রাম: কালাইমারা; এবং প্রশান্ত শীল, পিতা: সুভাস শীল, গ্রাম: ঘুনিয়াকুল, ৭ নম্বর ওয়ার্ড।
ভুক্তভোগীদের দাবি, সৌদি আরবে ভালো চাকরি দেওয়ার কথা বলে দালাল সুমন মৃধা তাদের কাছ থেকে টাকা নেন। পরে তাদের ভুয়া ভিসা প্রদান করা হয় এবং সৌদি আরবে যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ দেওয়া হয়নি। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ করেন।
ভুক্তভোগীদের স্বজনরা জানান, সৌদি আরবে অবস্থানরত তাদের স্বজনদের প্রয়োজনীয় কাগজপত্র নেই বলেও তারা জানতে পেরেছেন। এতে তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন বলে দাবি পরিবারের সদস্যদের।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা শনিবার বিকেল ৫টার দিকে দালাল সুমন মৃধার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ তুলে ধরে তাদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।


























