মাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি দুর্ঘটনা, নারীসহ আহত ৪
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের ভগবানটিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়েছে। এতে চালকসহ চারজন আহত হয়েছেন।
শুক্রবার ৬ নভেম্বর ২০২৬ সকাল সাড়ে ১১টার দিকে ভগবানটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ি থেকে আত্মীয়ের দাহক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে ভগবানটিলার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তাঁরা। পথে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা তিন যাত্রী ও চালক আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তিন যাত্রীকে উদ্ধার করে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে আহত চালককে সরাসরি খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন, পানছড়ি উপজেলার নবীন চান পাড়ার সুবিতা চাকমা (৩৮), অবনী পাড়ার রিংকি চাকমা (৩২) এবং যুবিনধন পাড়ার সুফল চাকমা (৪২)। দুর্ঘটনায় সুবিতা চাকমার বাম হাত ও ডান পা, রিংকি চাকমার বুক ও মুখ এবং সুফল চাকমার ডান পা ও মুখে আঘাত লাগে। এছাড়া সিএনজি চালক নয়ন মনি চাকমা (৪০) মাথায় আঘাত পেয়েছেন।
আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।























