আলীকদমে সিরাত পাঠ প্রতিযোগিতায় পুরস্কার পেলেন অংশগ্রহণকারীরা
বান্দরবানের আলীকদমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শভিত্তিক সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার রূপমুহুরি রিসোর্ট মিলনায়তনে আলীকদম ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহবায়ক জনাব রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মনজুর আলম।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মনজুর আলম বলেন, বর্তমান সমাজে মাদক, ক্যাসিনো ও টিকটকের নেতিবাচক প্রভাব যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এসব অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করতে হবে। বিশেষ করে মুসলিম পরিবারের সন্তানদের মহানবী (সা.)-এর জীবনের প্রতিটি দিক থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তাঁর আদর্শ অনুসরণ করতে পারলে পরিবার ও সমাজ আরও সুন্দর হয়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব আসাদুজ্জামান এবং প্রভাষক জনাব মনজুর ইলাহি। এ সময় বক্তব্য দেন ফাউন্ডেশনের সদস্য জনাব কামাল উদ্দিন, জনাব বদিউর রহমান রুস্তম ও জনাব রেজাউল করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব জনাব আরিফ বিল্লাহ, জনাব আব্দুল কুদ্দুস, জনাব জুলকারনাইন, জনাব হাফেজ রহমতুল্লাহ, জনাব ইয়াকুব আলী, জনাব আবু সিদ্দিক, জনাব হোসাইন, জনাব রিদুয়ানুল ইসলাম মাসুদসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সিরাত পাঠ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

























