মহাদেবপুরে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ১৭ জুন ২০২৬ তারিখে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর একটি দল মহাদেবপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের এক পর্যায়ে রাত প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সদস্যরা জানতে পারেন, মহাদেবপুর থানা সদরের শিবগঞ্জ মোড়ে নাজমুলের চায়ের দোকানের আশপাশে এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে হাতে ব্যাগ বহনকারী এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। এ সময় তার হাতে থাকা বাজারের ব্যাগের ভেতরে নীল রঙের পলিথিনে রাখা ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, সেরকুল (৪০)। তিনি নওগাঁ জেলার পাইকপাড়া গ্রামের বদর উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, উপস্থিত লোকজনের সামনে উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়। এছাড়া গ্রেফতারকৃত সেরকুলের বিরুদ্ধে এর আগেও পাঁচটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।
এ ঘটনায় মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
























