মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪
মিয়ানমারের সাগাইং অঞ্চলের মিয়াউং শহরের একটি বৌদ্ধ বিহারে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। স্থানীয় উদ্ধারকর্মী ও বিরোধী যোদ্ধাদের দাবি, নিহত সবাই বয়স্ক নাগরিক।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস উপলক্ষে ওই বিহারে ধ্যানের আয়োজন চলছিল। এ সময় সেখানে জড়ো হওয়া বেসামরিক লোকজনের ওপর বিমান হামলা চালানো হয়।
স্থানীয় এক উদ্ধারকর্মী বিবিসি বার্মিজকে জানিয়েছেন, স্থাপনাটিতে দুই দফায় বিমান হামলা চালানো হয়। বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সাগাইং অঞ্চলের মিয়াউং শহরে হামলাটি চালানো হয়। এলাকাটি মান্দালয় শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
গণতন্ত্রপন্থি বিদ্রোহী নুয়ে উ মিয়াউং এএফপিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে ১১ জন পুরুষ ও তিনজন নারী। তাদের বয়স ৫০ থেকে ৭০ বছরের মধ্যে। নিহতদের মধ্যে পাঁচজন একই গ্রামের এবং বাকি নয়জন পাশের একটি শহরের বাসিন্দা।
নুয়ে উ মিয়াউং বলেন, বয়স্ক লোকজন ধ্যানকেন্দ্রগুলোতে গিয়েছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে আরেক বিরোধী যোদ্ধা জানান, হামলার পর জীবিতদের উদ্ধারে অংশ নিয়েছিলেন তিনি। তার দাবি, উদ্ধারকাজ চলার সময় বিমানটি আবার ফিরে এসে দ্বিতীয় দফায় হামলা চালায়।
তবে এ হামলার বিষয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
























