ওটিটি নয়, এবার প্রেক্ষাগৃহে আসছে অপু বিশ্বাসের ‘শিকার’
বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মের জন্য ওয়েব ফিল্ম হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল ‘শিকার’। তবে পরিকল্পনায় পরিবর্তন এনে এবার ছবিটি সরাসরি দেশের প্রেক্ষাগৃহে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।
নির্মাতা কামরুজ্জামান রোমান জানান, প্রি-প্রোডাকশনের কাজ শেষ করতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগায় মার্চে শুটিং শুরু করা সম্ভব হয়নি। এখন সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়েই ক্যামেরা ওপেন হবে।
ওটিটি থেকে বড় পর্দায় আসার সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, গল্পের গভীরতা, বাজেট এবং শিল্পীদের পারফরম্যান্স বিবেচনায় ‘শিকার’ বড় পর্দার জন্যই বেশি উপযোগী বলে মনে হয়েছে। পরে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মস-এর সঙ্গে আলোচনা করে এটিকে পূর্ণদৈর্ঘ্য বাণিজ্যিক চলচ্চিত্র হিসেবে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।
থ্রিলারধর্মী এই সিনেমার অন্যতম আকর্ষণ এর লোকেশন। ছবির গুরুত্বপূর্ণ অংশের শুটিং হবে নেপালের বিভিন্ন মনোরম স্থানে। এ জন্য শুটিং ইউনিট চলতি মাসের মাঝামাঝি নেপালের উদ্দেশে রওনা দেবে।
সীমান্তবর্তী এলাকার এক রোমাঞ্চকর গল্পকে কেন্দ্র করে নির্মিত ‘শিকার’-এ অপু বিশ্বাসকে দেখা যাবে একেবারে নতুন ও গ্ল্যামারাস চরিত্রে। তার বিপরীতে অভিনয় করবেন ছোট পর্দার পরিচিত অভিনেতা মুরতজা পলাশ। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে নির্মিত সিনেমাটি টানটান উত্তেজনাপূর্ণ কাহিনির ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে।
এদিকে সিনেমাটির সংগীতের কাজও এগিয়ে চলছে। ইতোমধ্যে ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের একটি রোমান্টিক গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। কবির বকুলের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যানসি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই। পাশাপাশি আকাশ মাহমুদের সুরে আরও একটি আবেগঘন গান যুক্ত হবে সিনেমাটিতে।
বড় বাজেটের এই চলচ্চিত্রের মাধ্যমে প্রেক্ষাগৃহে অপু বিশ্বাস নতুনভাবে দর্শকদের সামনে হাজির হবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।






















